News71.com
 Bangladesh
 24 May 18, 01:20 PM
 156           
 0
 24 May 18, 01:20 PM

দেশের প্রতিটি বাড়িই হবে উৎপাদনের কেন্দ্রবিন্দু।।এলজিআরডি মন্ত্রী

দেশের প্রতিটি বাড়িই হবে উৎপাদনের কেন্দ্রবিন্দু।।এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ি উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন,বর্তমান সরকার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প। আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলা হয়।

প্রকল্পের পরিচালক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর প্রধান প্রকৌশলী মো. রশিদুল হক ও পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক এম এ মতিন।

মন্ত্রী বলেন,দেশের অতি দরিদ্র জনগণকে স্বাবলম্বি করার জন্য প্রধানমন্ত্রী ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে প্রতিটি পরিবার যাতে উৎপাদনমুখী হিসেবে পরিণত হয় সে লক্ষ্যে এ প্রকল্প উপহার দিয়েছেন। তিনি বলেন,একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধা প্রতিটি দরিদ্র পরিবারে পৌঁছে দিতে সরকার পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এটি এ প্রকল্পের সমবায়ীদের মালিকানাধীন একটি ব্যাংক। তিনি বলেন,প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা মেধা,যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পল্লী সঞ্চয় ব্যাংকে আত্মীকৃত হবেন। এ জন্য সরকার আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্পের শতভাগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন