
নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুরে বিদ্যুত লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ শ্রমিক। জামালপুরের ইসলামপুর উপজেলার মধ্যদরিয়াবাদ এলাকায় বোর ধানক্ষেতে পানির মধ্যে দাঁড়িয়ে বিদ্যুত লাইনের সংস্কার কাজ করছিল পল্লীবিদ্যুতের নিযুক্ত ঠিকাদারের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে একটি বৈদ্যুতিক খুঁটি ছিটকে সঞ্চালনের লাইনের তার মাটিতে পড়লে কর্মরত শ্রমিকরা বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন- হাসান, তাহের আলী, ওবায়দুর এই তিন জনের মৃত্যু হয়। নিহত শ্রমিক হাসানের বাড়ি জামালপুর এবং তাহের আলী ও ওবায়দুরের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়।
পল্লীবিদ্যুত সমিতির ইসলামপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ভজন কান্তি বর্মণ বলেন, ওই এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদার বায়েজিদের শ্রমিকরা কাজ করছিল। নিয়ম অনুযায়ী ঠিকাদার কাজ করার সময় আমাদের অবহিত করলে আমরা ওই এলাকায় বিদ্যুত বন্ধ রাখতাম। কিন্ত ঠিকাদার কাজ করার বিষয়টি আমাদের অবহিত না করায় সেখানে বিদ্যুৎ লাইন চালু ছিল।