News71.com
 Bangladesh
 24 May 18, 01:21 PM
 140           
 0
 24 May 18, 01:21 PM

এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ডব্লিউএফডি

এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ডব্লিউএফডি


নিউজ ডেস্কঃ সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (ডব্লিউএফডি)। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান সংস্থাটির এশিয়া ও লাতিন আমেরিকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড এ ট্রিবলি। সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম ও উন্নয়ন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এ সময় ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রকল্প সমন্বয়ক কাজী শহীদুল হক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডেভিড এ ট্রিবলির আগ্রহ প্রকাশে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। ডব্লিউএফডি সংসদীয় চর্চা উন্নয়নের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে যা সত্যিই প্রশংসনীয়। এ সময় তিনি সংসদীয় গবেষণা, নারী সংসদ সদস্যদের উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তনে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে। তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সকল সূচকে বাংলাদেশ এখন শক্ত ভীতের ওপর অবস্থান করছে। অসমতা দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও নারীর ক্ষমতায়নে অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ থাকছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন