News71.com
 Bangladesh
 24 May 18, 01:24 PM
 137           
 0
 24 May 18, 01:24 PM

কাপাসিয়া থেকে অপহরণের ৯ দিন পর ৩ কিশোর চট্টগ্রামে উদ্ধার।।

কাপাসিয়া থেকে অপহরণের ৯ দিন পর ৩ কিশোর চট্টগ্রামে উদ্ধার।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়া থেকে মুক্তিপণের দাবীতে অপহরণের ৯ দিন পর অপহৃত তিন কিশোরকে চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ সময় আটক করা হয়েছে মূল অপহরণকারীসহ ৩ জনকে। আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা কিশোরদের থানায় আনা হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান,গত ১৫ মে মঙ্গলবার চাকরি দেওয়ার কথা বলে কাপাসিয়া থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত কিশোররা হলো,কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে সানিদ হোসেন (১৩),একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহানুর রহমান সোহাগ মিয়া (১৫) ও সালদৈ গ্রামের দুলাল মোড়লের ছেলে ইকবাল (১৪)। অপহরনের পরদিন অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সাহায্যে চট্রগ্রামের কোতয়ালি থানার কাঠঘর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো,কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের শামসুল হকের ছেলে বাপন (৩৪), একই উপজেলার দারিয়াকান্দি গ্রামের আব্বাস মিয়ার স্ত্রী সোহেনা (৪৮) ও একই গ্রামের শিশু মিয়ার স্ত্রী রিতা বেগম (৩৫)। শিশুদের উদ্ধার করে আজ বৃহস্পতিবার কাপাসিয়া থানায় নিয়ে আসা হয়। উদ্ধার শিশুরা এখনও কাপাসিয়া থানা হেফাজতে আছে। আদালতে জবানবন্দী নেওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন