
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদকবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার রাতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এরমধ্যে নেত্রকোনায় দুইজন এবং ঢাকা,ময়মনসিংহ,কুমিল্লা ও ঝিনাইদহে একজন করে নিহত হয়েছেন। এ সময় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা গেছে,রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র্যাববের সঙ্গে বন্দুকযুদ্ধে কামরুল নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। র্যায়বের দাবি,তিনি তেজগাঁও রেললাইন বস্তি এবং মহাখালী সাততলা বস্তি এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৫টির অধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে র্যা ব। ঘটনাস্থলে তাদেরও দুই সদস্য আহত হন।
ময়মনসিংহ, শহরের পুবোহিত পাড়া রেলওয়ে কলোনী ভাঙ্গা ওয়াল রেনু বেগমের বাড়ীর দক্ষিণ পশ্চিম কোনে পুকুর পাড়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী আলালসহ এলাকার কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ভাগাভাগি করছেন;এমন তথ্যের ভিত্তিতে ওসি ডিবির নেতৃত্বে ডিবির একটি টিম রেনু বেগমের বাড়ির সামনে পৌঁছালে ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্হায় রাজনকে উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনের বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আইনেে ৮/৯ টি মামলা আছে।
নেত্রকোনা, সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুইজন অজ্ঞাত নামা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের এএসআই জাফরসহ তিন সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা টেবলেট, ৭০৫ গ্রাম হিরোইন এবং ২ ট পাইপ গান উদ্ধার করেছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান,ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শামীম সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদকব্যবসায়ী। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন এবং ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৮০ পিস ইয়াবা ও ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম আড়পাড়া এলাকার মমিন সরদারের ছেলে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, এস আই অমিত কুমার দাস, এ এস আই শামীম হোসেন, কনস্টেবল নাজিম উদ্দিন ও রতন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা,থানা ও ডিবি পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিব্ধ হয়ে কামাল হোসেন প্রকাশে ফেন্সি কামাল (৫১) নামের তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের হিরন মিয়ার পুত্র। ঘটনাস্থল থেকে মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেয়া কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম। এরমধ্য দিয়ে ৪ মে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৬১ জন ‘মাদক ব্যবসায়ী’ বন্দুকযুদ্ধে নিহত হলেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।