
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে গুল আহমেদ জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ভোরে দুটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মহানগরে আসছিল। এর মধ্যে একটি ছোট ও অপরটি বড় ট্রাক। কুমিরার গুল আহমেদ জুট মিল এলাকায় ছোট ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বড় ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকসহ অজ্ঞাত একজন নিহত হন। অপর একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।