
নিউজ ডেস্কঃ দেশের আটটি জেলায় মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ওয়ার্ড কাউন্সিলরসহ ৮ জন নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে বাগেরহাট,ঝিনাইদহ, মেহেরপুর, নোয়াখালী, চাঁদপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও টেকনাফে এসব ঘটনা ঘটে।
টেকনাফঃ কক্সবাজারের টেকনাফে র্যা বের সাথে বন্ধুকযুদ্ধে একরামুল হক নামের এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। গতকাল শনিবার (২৭মে) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত একরাম টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। এসময় তার কাছ থেকে ১০হাজার পিছ ইয়াবা,একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ময়মনসিংহঃ ময়মনসিংহ নগরীর মরাখলা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ডিবি ওসি আশিকুর রহমান জানান,নগরীর মরাখলা এলাকায় কিছু মাদক ব্যাবসায়ী মাদক ভাগাভাগি করছে। এমন খবরে রাত দেড়টার দিকে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি ছুঁরে। এসময় পুলিশও আত্নরক্ষার্থে গুলি ছুঁড়ে। পরে বেতারে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের ডিউটিরত মোবাইল টিম ঘটনাস্থলে এসে গুঁলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে অজ্ঞাত (২৬) এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে'গতকাল শনিবার রাতে মাদক ব্যবসায়ী হালিম মন্ডল (৩৫) নিহত হয়েছেন। শহরের হাউসিংা ডি ব্লক মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র,গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের দাবি এ ঘটনায় তাদের ৪ সদস্য আহত হয়েছেন।
চাঁদপুরঃ চাঁদপুরের মতলবে আজ ভোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সেলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মতলব দক্ষিণ উপজেলার হাজীর ডোন এলাকায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী সেলিমের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নে। মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, থানা ও ডিবি পুলিশ ৭ মাদক মামলার আসামি সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সেলিম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। আজ রবিবার ভোর রাতের দিকে সোনাইমুড়ি বগাদিয়া ইস্তেমা মাঠ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে। নিহত হাসান বানুয়াই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ বিভিন্ন অপরাধে ২১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি,৭ রাউন্ড কার্তুজ ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হাফিজুল ইসলাম ওরফে হাফি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত দেড়টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া বাথান মাঠ এলাকার এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোররাতে শৈলকুপার বড়দাহ জামতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহত যুবকের নাম লিটন হোসেন। লিটন মাদক ব্যবসায়ী ছিলেন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে রাতে জামতলায় দু’দল মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশি ওয়ান শুট্যার গান, ৪ রাউন্ড গুলি ৪শ' পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল।
বাগেরহাটঃ বাগেরহাটের চিতলমারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিঠুন বিশ্বাস (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার চিংগুরি মোচন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন উপজেলার ওই এলাকার খোকা বিশ্বাসের ছেলে। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুই কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।