News71.com
 Bangladesh
 29 May 18, 06:21 AM
 290           
 0
 29 May 18, 06:21 AM

মাদকবিরোধী অভিযানে ৭ জেলায় নিহত ১০।।  

মাদকবিরোধী অভিযানে ৭ জেলায় নিহত ১০।।   

নিউজ ডেস্কঃ চলমান মাদক বিরোধী অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা-বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জেলায় ১০ মাদক ব্যবসায়ীর নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,এর মধ্যে যশোর ও সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

১. ঢাকাঃ গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

২. ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শীতলপুরে ওই ঘটনা ঘটে।

৩. ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মিজান নিহত হয়েছে। নিহত মিজানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

৪. কুমিল্লাঃ কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য। উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতদের নামে মাদকের একাধিক মামলা রয়েছে।

৫. কুষ্টিয়াঃ কুষ্টিয়ার দৌলতপুরের শেহালা মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী মুকাদ্দেস আলী (৪২) ও ফজলুর রহমান ওরফে টাইটেল (৪৮) নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ৪ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান,একদল মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠে মাদক ক্রয় বিক্রয় করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল গতকাল সোমবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীদের মৃত ঘোষণা করেন।

৬. যশোরঃ যশোরের চাঁচড়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে আসর আলী (৫৬) ও মানিক (২৬) নামের ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। যশোর কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা জানান,গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে চাঁচড়া রায়পাড়া প্রাইমারি স্কুল এরাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পান। খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

৭. সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ার চুকনায় মাদক চোরাচালানিদের দুই গ্রুপ মাদক ভাগাভাগি নিয়ে গোলাগুলিতে আনিসুর রহমান আনিস (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া ২ টায় গোলাগুলির খবর পেয়ে খোরদো পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনিসুরকে উদ্ধার করা হয় বলে জানান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির স্ত্রী নাজমা বেগমের দাবি তার স্বামীকে গতকাল সোমবার সকালে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন