News71.com
 Bangladesh
 30 May 18, 04:40 AM
 301           
 0
 30 May 18, 04:40 AM

সারাদেশে মাদকবিরোধী অভিযানে নিহত ১৫।।  

সারাদেশে মাদকবিরোধী অভিযানে নিহত ১৫।।   

নিউজ ডেস্কঃ দেশের নয় জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে এবং মাদক বিক্রেতাদের নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ও ‘দ্বন্দ্ব’ ১৫ জন নিহত হয়েছে। এদের সবাই চিহ্নিত মাদক বিক্রেতা বলে দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের। গতকাল মঙ্গলবার (২৯ মে) রাত থেকে আজ বুধবার (৩০ মে) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধ’ ও ‘সংঘর্ষ’র ঘটনা ঘটে। নয় জেলার মধ্যে ঢাকায় চারজন, মাগুরায় তিনজন,যশোরে দুই এবং চুয়াডাঙ্গায়, সিরাজগঞ্জ, নড়াইল, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারে একজন করে নিহত হয়েছে।

ঢাকায় সিনিয়র করেসপন্ডেন্ট জানান,রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাপবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আতাউর রহমান আতাসহ (৪৬),বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)। অপরদিকে সাভার স্টাফ করেসপন্ডেন্ট জানান,আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান,চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি শীর্ষ মাদক বিক্রেতা তানজিল হোসেন (৪০) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান,চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার হয়েছে।

সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান,সিরাজগঞ্জের কামারখন্দে র্যাহবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশান হাবিব (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় একটি ওয়ান শুটারগান,এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বেনাপোল স্টাফ করেসপন্ডেন্ট জানান,যশোরের বেনাপোল সীমান্তে দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’টি মরদেহ, দু’টি ওয়ান শুটারগান ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকার মাজহারুল ইসলামের ছেলে লিটন হোসেনের (৩৫) নাম জানা গেছে। নিহত লিটনের বিরুদ্ধে থানায় ছিনতাই,মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।

নড়াইল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজিব (২৬) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২৭৬ পিস ইয়াবা, রিভলবার, দুই রাউন্ড গুলি,তিনটি দা উদ্ধার করা হয়। সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

কুমিল্লা স্টাফ করেসপন্ডেন্ট জানান,কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোসমত আলী নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাইপগান,কার্তুজ ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোসমতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় সাতটি মামলা রয়েছে।

চট্টগ্রাম স্টাফ করেসপন্ডেন্ট জানান,চট্টগ্রাম নগরের টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকায় র্যাদবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসহাক নামে (৩৫) এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা,একটি ওয়ান শুটার গান,পাঁচ রাউন্ড গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

কক্সবাজার স্টাফ করেসপন্ডেন্ট জানান,কক্সবাজারে র্যাগবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নেত্রকোনার শীর্ষ মাদক বিক্রেতা ও ১০ মামলার আসামি মজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা,একটি ওয়ান শুটার গান,তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা উদ্ধার করা হয়।

এছাড়াও মাগুরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, মাগুরার শহরতলীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- শহরের ইসলামপুর পাড়ার রাজ্জাক ঢালীর ছেলে রায়হান ঢালী ওরফে বিট্রিশ,ভায়না এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার ও শহরের নতুন বাজার বৈরাগি পাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী ওরফে কালা। এসময় ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হেরোইন,এক কেজি গাঁজা, ছয় বোতল ফেনসিডিল,ছয়টি রাইফেলের গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রায়হান ও কালার নামে ১০টি ও বাচ্চুর নামে থানায় সাতটি মামলা রয়েছে। পুলিশের ধারণা,নিহতরা মাদক ব্যবসায়ী। দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন