
নিউজ ডেস্কঃ নবায়নযোগ্য জ্বালানি তথা সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫ কোটি ডলার ঋণ সহায়তাদিচ্ছে বিশ্বব্যাংক। চলমান সৌরবিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন হিসাবে এ অর্থ দিচ্ছে সংস্থাটি। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৪০ কোটি টাকা। এ নিয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডিরেক্টর চিমিও ফান। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাহী পরিচালক ও সিইও মাহমুদ মালিক ও চিমিও ফানের মধ্যেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কাজী শফিকুল আযম বলেন, চলমান প্রকল্প বাস্তবায়নে মহিলা প্রধান পরিবারগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্বব্যাংক এ অতিরিক্ত অর্থায়ন করছে। এতে প্রকল্পটি আরও এগিয়ে নেয়া সম্ভব হবে। চিমিও ফান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশসম্মত জ্বালানি নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। জ্বালানি চাহিদা মেটানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ প্রকল্পটি ভূমিকা রাখবে। এ সময় জানানো হয়, বিশ্বব্যাংকের আইডিএ তহবিল থেকে এ অর্থ পাওয়া যাবে। এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এবং উত্তোলিত অর্থের ওপর শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। এ প্রকল্পের অতিরিক্ত অর্থায়নে ঋণ সহায়তা দেয়ার বিষয়টি বিশ্বব্যাংক বোর্ডে ২০১৮ সালের ২২ এপ্রিল অনুমোদিত হয়।