
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,তাঁর সাম্প্রতিক ভারত সফরের মধ্যদিয়ে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী বলেন,আমি মনে করি এই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন,শান্তিনিকেতনে স্থাপিত বাংলাদেশ ভবন উভয় দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বন্ধনকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২৫ ও ২৬-এ মে পশ্চিমবঙ্গ সফর করেন। প্রধানমন্ত্রী বলেন,সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠক হয়। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি,অভিন্ন নদীর পানি বণ্টনসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন,এই সফরের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে স্থাপিত বাংলাদেশ ভবন উদ্বোধন। একইসঙ্গে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান আসানসোলে অবস্থিত ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’ জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাঁকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর ছোট বোন শেখ রেহানা, মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর সফরের বিস্তরিত বর্ননা করে বলেন, গত ২৫-এ মে সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে তিনি কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছালে পশ্চিমবঙ্গ সরকারের নগর ও পূর উন্নয়ন বিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান।
এরপর তিনি বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানকার রবীন্দ্র ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানান। সমাবর্তনে রবীন্দ্র ভারতীর আচার্য ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন,সমাবর্তন উদ্বোধন শেষে ভারতের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি যৌথভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা এ সময় সেখানে বাংলাদেশ ভবন নির্মাণের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, কবিগুরুর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনা শুরু হয় ২০১০ সালে তাঁর ভারত সফরের সময়। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরকালে ঘোষিত যৌথ ইশতেহারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের কথা উল্লেখ করা হয়। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ২০১৩ সালে বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে ঘোষণা প্রদান করা হয়।