
নিউজ ডেস্কঃ গতকাল বুধবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টি শেষে কয়েকঘণ্টা বিরতি নিয়ে ভোরে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ দমকা হাওয়াসহ বর্ষণ হতে থাকে। বাতাসের গতিবেগের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। এ সময় বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ভোর থেকে সকাল পর্যন্ত বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তি বৃষ্টি বলছেন নগরবাসী। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পড়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মিয়ানমারের রাখাইন উপকূল অতিক্রম করেছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া লঘুচাপের বির্ধতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সাতক্ষীরা, খুলনা, যশোর, ঢাকা ও কিশোরগঞ্জ অঞ্চলে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছী ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে বদলগাছী ৪৩ মিলিমিটার। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।