News71.com
 Bangladesh
 31 May 18, 04:00 AM
 399           
 0
 31 May 18, 04:00 AM

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে চীনকে পাশে চায় বাংলাদেশ।  

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে চীনকে পাশে চায় বাংলাদেশ।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে চীনকে পাশে চায় বাংলাদেশ। বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির জাতীয় কমিটির (সিপিপিসিসি) ১৩তম সম্মেলনের ভাইস চেয়ারম্যান এইচ ই খং চুয়ান-এর নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধিদলকে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও অর্থনৈতিক উন্নয়ন ও দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটির সভাপতি ড. দীপু মনির সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, সেলিম উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল ও মাহজাবীন খালেদ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ড. দীপু মনি চীনের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তন চায়। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা।

জবাবে মি. খং চুয়ান রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বহুমূখী উন্নয়নের বিষয়ে বাংলাদেশ ও চীন পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ে লাভবান হবে। রপ্তানী, বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক বৃদ্ধির অশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পদ্মা সেতুতে রেল সংযোগ অর্থায়নসহ বাংলাদেশে চীনের দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি অংশীদায়িত্ব চুক্তি, বাণিজ্য ঘাটতি নিরসন, শুল্কমুক্ত সুবিধা ও অর্থনৈতিক সহযোগিতা সমপ্রসারণ অব্যাহত রাখার অনুরোধ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন