
নিউজ ডেস্কঃ ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩৪টি লঞ্চ ও ১৯টি ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক সময়ে ১৪-১৫টি ফেরি চলাচল করে। কিন্তু ঈদুল ফিতর উপলক্ষে যাহবাহনের বাড়তি চাপ সামলাতে এ নৌরুটে ১৯টি ফেরি চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রো-রো (বড়) ফেরি ৯টি, কে-টাইপ (মাঝারি) ৪টি ও ইউটিলিটি ফেরি রয়েছে ৬টি। প্রতিটি বড় ফেরি একসঙ্গে ১১-১২টি যাত্রীবাহী বাস পারাপার করতে পারে। তবে ছোট গাড়ি হলে অর্থাৎ প্রাইভেটকার বা মাইক্রোবাস হলে একসঙ্গে বড় একটি ফেরির ধারণ ক্ষমতা রয়েছে ৪০ থেকে ৪৫টি পর্যন্ত। এছাড়া কে-টাইপ ফেরি একসঙ্গে ৮টি বাস অথবা ২৫-৩০টি ব্যক্তিগত ছোট গাড়ি একসঙ্গে নৌরুট পারাপার করতে পারে। আর ইউটিলিটি ফেরির একসঙ্গে ৬টি বাস অথবা ২০-২২ টি ব্যক্তিগত ছোট গাড়ি পারাপারের ধারণ ক্ষমতা রয়েছে।
তিনি আরও জানান, নদীতে বর্তমানে কোনও নাব্য সংকট নেই। এ কারণে ফেরিগুলো পূর্ণ লোড নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যাত্রাপথে কোনও ফেরি বিকল হলে তাৎক্ষণিক তা মেরামতের জন্য পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিকে প্রস্তুত রাখা হয়েছে। আর যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ঈদের আগের ও পরের তিন দিন জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য সব ধরনের ট্রাক ও লরি ফেরি দিয়ে পারাপার বন্ধ রাখা হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের কোনও ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।