
নিউজ ডেস্কঃ আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক করে হৃৎপিণ্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি, তামাককে নয় প্রতিপাদ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত রাখার জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়া তামাক ব্যবহারের প্রাদুর্ভাব ও স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দিবসটির উদ্দেশ্য। ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন শুরু হয়। বিগত বছরগুলোতে দিবসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকার, জনস্বাস্থ্য সংগঠন ও তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তামাকের স্বাস্থ্যঝুঁকিগুলো তুলে ধরে বিশ্বব্যাপী ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন করে আসছে।
প্রতি বছর বিশ্বব্যাপী ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত তামাক। এর মধ্যে ধূমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবে প্রায় ছয় লাখ অধূমপায়ী ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের ছয় শতাংশ অর্থ ব্যয় হয় তামাকজনিত রোগের কারণে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণি দিয়েছেন।