
নিউজ ডেস্কঃ সুন্দরবনের ভেতরে কয়লা নিয়ে ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি বিলাস কেটে দুই খণ্ড করে উদ্ধার করা হয়েছে। গত ১৫ এপ্রিল মংলা বন্দর থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে হারবাড়িয়া ৫ নাম্বার এ্যাংকরে ডুবোচরে আটকে কাত হয়ে ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে ওই জাহাজটি ডুবে যায়। জাহাজটিকে কেটে দুই খণ্ড করে পানির উপরে টেনে তুলতে সময় লেগে গেছে দেড় মাস। ৩১ জন শ্রমিক নিয়ে ছোট আকারের এই জাহাজটি তোলা হয়েছে। মংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে তুলে উপকূলের কাইনমারী এলাকায় রাখা হয়েছে জাহাজটিকে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মোহম্মদ ওয়ালীউল্লাহ বলেন,এই ঘটনার বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করে। বন্দর চ্যানেলে দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে যাতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের মালামাল বহনকারী ভ্যাসেলগুলোর ফিটনেসের বিষয়ে সতর্ক থাকে,তার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন,এই ঘটনার পর আমাদের দায়ের করা ক্ষতিপূরণের মামলা তদন্তাধীন। খুব শিগগির আমরা ক্ষতির পরিমাণ জানিয়ে আদালতে যাব। সুন্দরবনের ভেতরে কয়লাডুবির ঘটনায় তখন পরিবেশবিদরাও উদ্বেগ প্রকাশ করেন। মংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান,জাহাজডুবির ঘটনায় বনবিভাগ,আমদানিকারক প্রতিষ্ঠান ও লাইটার জাহাজ মালিক পক্ষের থানায় করা মামলা ও সাধারণ ডায়েরির ঘটনায় তদন্ত চলছে।