
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। শনিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও সবার সেরা বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ১ কাজী নিশাত রসূল আজ বৃহস্পতিবার দুপুরে ফোনে আমাকে এ সফরসূচীর কথা জানান। প্রধানমন্ত্রী এ দিন দুপুর ১২ টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন বলেও জানান জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার সকলের সহযোগিতা কামনা করেন।