
নিউজ ডেস্কঃ অনলাইনে বাস টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ ডট কমের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। গ্রাহকরা বলছেন, যানজট এবং হয়রানি থেকে মুক্তি পেতে স্বল্প সময়ে অনলাইনে বাসের টিকিট কাটতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছে তাদের। আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিশেষ করে দক্ষিণ অঞ্চলে একাধিক পরিবহনের ঈদের আগাম টিকিট অনলাইনে ছাড়ার কারণে বিশৃঙ্খলা বেশি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া আগাম টিকিটে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।পাশাপাশি অনলাইন ও কাউন্টার থেকে বিপুল সংখ্যক টিকিট কালোবাজারী হচ্ছে টিকিট কর্মকর্তাদের মাধ্যমেই। তাই নিরুপায় হয়ে কালোবাজার থেকে দ্বিগুণ দাম দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেক যাত্রীরা।
অন্যদিকে অনলাইনে বাস টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ ডট কম প্রতিটি টিকিটের চার্জ মূল্য অতিরিক্ত নিচ্ছে। একজন গ্রহক অভিযোগ করেছেন অতিরিক্ত চার্জ প্রসঙ্গে তিনি নিউজ ৭১ ডট কমকে বলেন, আগামীকাল শনিবার ঢাকা থেকে খুলনায় যাবো, সেই জন্য অনলাইনে বাস টিকিট কাটার জন্য সহজ ডট কমের ওয়েবসাইটে ডুকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এসি বাসের টিকিটের মূল্য দেখি সেখানে প্রতিটি টিকিটের মূল্য দেওয়া আছে ৫৫০ টাকা। দুটি টিকিট কেনার জন্য ক্লিক করি দেখা যায় দুটি টিকিটের মূল্য এসেছে ১,২৩০ টাকা। যেখানে টিকিটের মূল্য হওয়ার কথা ১,১০০ টাকা। সেখানে প্রায় ১৩০ টাকা বেশি নিচ্ছে সহজ ডট কম। অন্য একজন জানান, অনলাইনে টিকিট বুকিং দিয়ে বিকাশে টাকা পাঠিয়েছি। কিন্তু অনলাইন চার্জ না দেয়ার কারণে আমার টিকিট কনফার্ম করেনি। পরে অনলাইনের চার্জ ১৫৬ টাকা পাঠিয়েছি। কিন্তু টিকিট কনফার্ম করেনি। পরে হেল্প লাইনে একাধিকবার ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন এক সাথে অনলাইন চার্জ এবং টিকিটের মূল্য আবার পাঠাতে হবে। এরপর আমি টিকিটের মূল্যসহ প্রায় ১৪০০ টাকা পাঠাই। এর আগেও আমি আলাদাভাবে আরো ১৪০০ টাকা পাঠিয়েছি। কিন্তু পূর্বের টাকা ফেরত পাইনি। এ বিষয়ে জানতে চাইলে হেল্প লাইন থেকে বলা হয়, এক সপ্তাহ পরে টাকা পাওয়া যাবে। একইভাবে অনেক যাত্রীকে অভিযোগ করতে দেখা গেছে। এই সব অনলাইনে বাসের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিন দিন এই হয়রানির পরিমাণ বেড়ে যাবে। অতি তাড়াতাড়ি হয়রানি কারী টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান গুলোর প্রতি ব্যবস্থা নিতে সরকারের অনুরোধ জানাছে সাধারণ হয়রানি শিকার যাত্রীরা।