
নিউজ ডেস্কঃ আগামী ৮ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। মৌসুমি বায়ূর প্রভাবে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আজ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৮ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ। তিনি জানান,ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে থেমে থেমে আরও ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে ঢাকা, ফেনী, কুমিল্লা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২ থেকে ৩ দিনের মধ্যে তা বাড়তে পারে বলেও জানান তিনি।
আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ফেনীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সন্দ্বীপ ৪১ মিলিমিটার ও ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল চট্টগ্রাম, ঢাকা, ও সিলেট বিভোগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ, বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।