
নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা দিয়েছে খুলনা মহানগর জাতীয় পার্টি-জেপি। আজ বুধবার বিকালে নগরীর দোলখোলা কাজী বাড়ির মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জেপির সভাপতি এম এস রাশিদা করিম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগরকে মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য জাতীয় পার্টি জেপিসহ নগরবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাকে একটি আদর্শ মহানগরী হিসাবে গড়ে তোলার জন্য আমাকে ১৪ দলীয় মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন এবং আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি আমৃত্যু খুলনাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।