News71.com
 Bangladesh
 08 Jun 18, 06:26 PM
 405           
 0
 08 Jun 18, 06:26 PM

যানজট কমাতে ১২ জুন থেকে মেঘনায় বিশেষ ফেরি সার্ভিস চালু হবে ।। ওবায়দুল কাদের

যানজট কমাতে ১২ জুন থেকে মেঘনায় বিশেষ ফেরি সার্ভিস চালু হবে ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে যানজট কমাতে গাড়ি পারাপারে বিশেষ ফেরি ১২ জুন চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপদকালীন কিছু সময়ের জন্য মেঘনা এবং গোমতী নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। ১২ জুন থেকে মেঘনায় বিশেষ এই ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। আঠারোটি গাড়ি এই ফেরিগুলো বহন করতে পারবে, ১০টার মতো ট্রাক বহন করা যাবে।'
তবে গোমতী নদীতে ঈদুল আজহার সময় ফেরি সার্ভিস চালুর বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'গোমতীতে ফেরি সার্ভিস চালু হওয়াটা কঠিন, সেনিটেশন হয়ে গেছে। নৌপরিবহন মন্ত্রণালয়কে জানিয়েছি। ড্রেজিংয়ের ব্যাপারটা যেন তারা তাড়াতাড়ি করে।'এ সময় মেঘনা সেতুর টোল প্লাজায় সময়ক্ষেপণের কারণে সৃষ্ট যানজট নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, 'টোলে ভাংতি টাকা একটা সমস্যা। এটা এখন আমি দাঁড়িয়ে দেখলাম যে এখানে টাকাটা ভাংতি না থাকলে লেনদেন হতে হতেই সময় চলে যায়।'

টোল পরিশোধের সময় ভাংতি টাকা সঙ্গে রাখার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, 'এটা নিয়ে আরও প্রচারের দরকার আছে। নির্দিষ্ট পরিমাণ টোলের টাকা নিয়ে যেন টোল প্লাজায় সহজ অতিক্রমের সুযোগ হয়, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে।'
এ ছাড়াও ডিসেম্বরের মধ্যে নির্মাণাধীন চার লাইনের মূল সেতু চালুর আশ্বাস দেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এই সেতু চালু হলে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামে চলাচল করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন