News71.com
 Bangladesh
 13 Jun 18, 06:07 AM
 386           
 0
 13 Jun 18, 06:07 AM

মুহুরীর পানি বিপদসীমার ৩০০ সে.মি. উপরে,বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত।।

মুহুরীর পানি বিপদসীমার ৩০০ সে.মি. উপরে,বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিত।।

নিউজ ডেস্কঃ ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নানাবিধ দুর্ভোগে পড়েছে মানুষ। আজ বুধবার সকালে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ৩০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া জেলার ছাগলনাইয়া,সোনাগাজী ও ফেনী সদর উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর ইউপি সদস্য মো. তাজুল ইসলাম জানান,গতকাল মঙ্গলবার রাতে মুহুরী নদীর ফুলগাজী অংশে দুটি স্থানে ভাঙনে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া পরশুরামের দুর্গাপুর ও রতনপুর গ্রামের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এদিকে,সোনাগাজী উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেসে গেছে পুকুর ও মৎস্যক্ষেত। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমি ও ঘরবাড়ির। এতে করে গবাদিপশুদের নিয়ে বেশ বিপাকে পড়ছেন মানুষ। অনেকে নিরাপদ স্থানে ছুটে যেতে দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন