
নিউজ ডেস্কঃ গতকাল ঈদের নামাজের পর থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল নামে। আজ রবিবারও সব বিনোন কেন্দ্রেগুলোতে রয়েছে প্রচণ্ড ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর রাজধানীর শিশুপার্কগুলো। বিভিন্ন রাইডে চড়ে সময় কাটাচ্ছে শিশুরা। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সকলেই এখন সব বিনোদন কেন্দ্রগুলোতে মেতে উঠেছেন ঈদ আনন্দে। ঈদের দ্বিতীয় দিনে প্রিয় মানুষকে নিয়ে রাজধানীর হাতিরঝিল, শিশু পার্ক, চিড়িয়াখানা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, রাজধানীর আগাঁরগাওয়ে বিমান বাহিনী জাদুঘর এবং বঙ্গবন্ধু নভোথিয়েটার দেখতে বেরিয়েছেন অনেকে। সেজন্য গতকালের চেয় আজ দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে আছে তারুণ্যের উচ্ছ্বাস। চিড়িয়াখানার পাশে জাতীয় উদ্যান নানা বয়সী মানুষের পদচারণায় মুখর। রাজধানীর সড়কগুলো এখন ফাঁকা। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া রাজধানীর শ্যামপুরে অবস্থিত বুড়িগঙ্গা ইকোপার্কে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে দেখা গেছে। সবুজ বৃক্ষরাজি আর বুড়িগঙ্গা নদী মিলে পার্কটিকে করে তুলেছে নয়নাভিরাম। সেখানে বসে অনেককেই গল্পে মশগুল থাকতে দেখা গেছে। পাশাপাশি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম,ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং গো কার্ট, মোটেল আটলান্টিস- এই চারটি বিনোদন কেন্দ্রেও প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।