
নিউজ ডেস্কঃ সারা দেশের ৬ জেলার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, গাইবান্ধা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গরুহাটি এলাকায় আজ শনিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় গতকাল শুক্রবার দিনগত রাতে বাস ও ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাকি ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, ঢাকা জেলার সাভারের আমিনবাজারে বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।এছাড়া নাটোরে দুইজনসহ সিরাজগঞ্জ, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।