
নিউজ ডেস্কঃ নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাসদরে উৎসবমুখর পরিবেশে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। উল্লেখ্য গত ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হন জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। বিদায়ি সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক-এর মেয়াদ শেষ হয়েছে গতকাল ২৪ শে জুন। তার ঠিক পরের দিন আজ ২৫ শে জুন জেনারেল আজিজ দায়িত্বভার গ্রহণ করলেন।এর আগে বিদায়ী সেনা প্রধান জেনারেল বেলাল গতকাল রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতে মিলিত হন।
উল্লেখ্য ২০১৫ সালের ১১ জুন লেফটেন্যান্ট জেনারেল শফিউল হককে তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগ করে সরকার। ওই সময় তিনি জেনারেল ইকবাল করিম ভূইয়ার স্থলাভিষিক্ত হন।সেনাবাহিনীর একটি পক্ষ চেষ্টা করেছিল বর্তমান প্রধানকে চুক্তি ভিত্তিক অতিরিক্ত একবছর রেখে দেওয়ার। কিন্ত সরকার রাজী না হওয়ায় জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের মেয়াদ না বাড়ায় লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে জেনারেল পদে পদোন্নতি সাপেক্ষ সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হল। আগামী তিন বছর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর ৮ম (লং) ব্যাচের কর্মকর্তা জেনারেল আজিজ আহমেদ ১৯৬১ সালের ১ জানুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন প্রাপ্ত হন। চাকুরি জীবনে এর আগে তিনি বিজিবির মহাপরিচালক, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, শান্তিরক্ষি মিশন, পার্বত্য চট্টগ্রামের জিএসও-৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজরসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া আজিজ আহমেদ শান্তিরক্ষা মিশনের অধীনে ১৯৯৫-৯৬ সালে ইরাক ও কুয়েতে পর্যবেক্ষক এবং ২০০৫-২০০৬ সালে সুদানে জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডারের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।