
মিথুন কুমার: পৃথিবীর সব কিছু ভূ-পৃষ্ঠ থেকে ওজোন স্তর পর্যন্ত বিস্তৃত পরিমন্ডলে বিদ্যমান আলো, বাতাস, মাটি, পানি, শব্দ, বন, পাহাড়, নদ-নদী, সাগর-মহাসাগর মানুষ নির্মিত অবকাঠামো এবং গোটা উদ্ভিদ ও জীব-জগতের সমন্বয়ে যা সৃষ্ট তাই পরিবেশ। লাখ লাখ বছর আগে পৃথিবীর বুকে যে প্রাণ ও প্রাণীর সৃষ্টি হয়েছিল, সেদিন প্রকৃতি ও পরিবেশে সাম্য ছিল। এ ভারসাম্য বজায় রাখতে ভূমিকা ছিল প্রকৃতি ও পরিবেশের। সভ্যতার ক্রমবিবর্তনের পথ ধরেই মানুষ একটু একটু করে গড়ে তুলেছে নিজের পরিবেশ। মানুষের রচিত পরিবেশ তারই সভ্যতার বিবর্তন ফসল। মানুষ তার নতুন নতুন আবিষ্কারের প্রতিভা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে সংগ্রহ করেছে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন পদ্ধতি। অধিগত করেছে জীবন-বিকাশের নানা উপকরণ। তাই দিয়ে সে তার নিজের প্রয়োজন ও রুচি অনুযায়ী তৈরি করেছে তার পরিবেশ। এ পরিবেশের মধ্যেই তার বিকাশ, তার বিনাশের ইঙ্গিত। বিজ্ঞানের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীতে ডেকে আনা হলো অতি যান্ত্রিকতা। বায়ুমন্ডলে আজ আর নেই সেই প্রথম দিনের বিশুদ্ধতার প্রতিশ্রুতি। পরিবেশে নেই জীবনের সুনিশ্চিত আশ্বাস। নির্বিচারে প্রকৃতি ধ্বংস এবং কান্ডজ্ঞানহীন পরিবেশ দূষণের মধ্য দিয়ে মানুষ তাদের সুন্দর এ পৃথিবীতে ডেকে এনেছে এক মহাবিপর্যয়। তাই, পৃথিবী আর কত দিন বেঁচে থাকবে, তার বুকে সঞ্চারণমান প্রাণই বা আর কতদিন টিকে থাকবে তা শুধু পদার্থবিদ্যার সূত্রের উপরই নির্ভর করছে না, তা আজ নির্ভর করছে মানুষের উপরও। মানুষ পরিবেশের অংশ এবং প্রত্যক্ষ সুফল ভোগকারী।
পরিবেশ বিপর্যস্ত হলে মানুষই ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ব্যবহার্য প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হয়, অর্থনৈতিক কর্মকান্ড ব্যাহত হয়। তাই সুস্থ শরীর ও মন বিনির্মাণে বিপর্যয়মুক্ত পরিবেশ সৃষ্টি প্রয়োজন। পরিবেশ সংরক্ষণে ও দূষণ রোধে বিভিন্ন ব্যবস্থা নেয়া যেতে পারে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য হ্রাস এবং নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা। পরিবেশ দূষণের সম্ভাবনা রয়েছে এরূপ প্রতিটি শিল্প-কারখানা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা। ব্যাপক বনায়ন কর্মসূচী প্রণয়ন করা। শব্দ দূষণ রোধে শব্দ নিয়ন্ত্রণ এবং সুনাগরিকতার বিকাশ ঘটানোর জন্য জনসচেতনা সৃষ্টি। শিল্পবর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত করা। জ্বালানী হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ করা। বিকল্প জ্বালানী উদ্ভাবন করা। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে যানবাহন থেকে কালো ধোয়া নির্গমন বন্ধ করা এবং উচ্চ শব্দযুক্ত হর্ন ব্যবহার নিষিদ্ধ করা। সড়কে যানজট বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ, দুর্ঘটনাসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ক্রমগতভাবে নতুন নতুন সড়ক বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি হ্রাস পাচ্ছে, সড়ক পথের ব্রিজ ও কালভার্টের কারণে নৌ-যোগাযোগ ব্যহত এবং জলাবদ্ধতা বৃদ্ধি হচ্ছে।
নদীমাতৃক বাংলাদেশের নৌ-পথ ধ্বংস হওয়ার পিছনে অনেকেই অপরিকল্পিত সড়ক তৈরি বিষয়টিকে কারণ হিসেবে চিহ্নিত করে থাকেন। বুড়িগঙ্গার মতো নদীগুলোর দূষণ বন্ধ করে নদীর দু’পাশে অবৈধ দখলদারের নির্মিত স্থাপনাগুলো ভেঙ্গে নদীর স্বাভাবিক নিয়ম ফিরিয়ে আনতে জরুরী পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশের পরিবেশের মাত্রাতিরিক্ত দূষণের ফলে গ্রিন হাউজ প্রতিক্রিয়া, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সিডর, আইলা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, বরফ গলা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, ফসল উৎপাদন হ্রাস, মৎস উৎপাদন হ্রাস ও বিলুপ্তি, মাটির লবণাক্ততা বৃদ্ধি, অ্যাসিড বৃষ্টি ও নতুন নতুন কঠিন রোগ সৃষ্টির বাস্তবতায় পরিবেশের বিপর্যয় আর ভবিষ্যতের ভয় নয়, বিপদ এখন দোরগোড়ায়।
যুব সমাজদের নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করে পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব। সমগ্র বিশ্ববাসী যদি মনে করে এ বিশ্ব তাদের জন্যই তাহলে সঠিক প্রচেষ্টায় আমরা পরিবেশ দূষণের প্রতিকার করতে পারি। বাংলাদেশের জনসংখ্যার বৃহদাংশই তরুণ। এই বৃহদাংশ তরুণদের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, মানবিক মূল্যবোধ ও স্বদেশপ্রেমের সমন্বয়ে তাদেরকে সচেতন পরিবেশ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় তরুণদের জ্ঞান, মেধা-মনন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে হবে। আর এ জন্য তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্পর্কিত কুইজ, বিতর্ক, ক্লাইমেট চ্যাম্পিয়ানস প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাাঙ্কন এবং শোভাযাত্রার আয়োজন করা যেতে পারে। তরুণদের দ্বারা পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হলে গবেষণা আবশ্যক। গবেষণার মাধ্যমেই পরিবেশ রক্ষার চ্যালেঞ্জগুলো জানা যাবে এবং সমাধান করা যাবে। এই তরুণরাই সামাজিকভাবে সচেতনতা তৈরি করে পরিবেশ বিপর্যয় রোধে জোরালো ভূমিকা রাখবে। পরিবেশ দূষণ সমস্যা নিয়ে আজ সব দেশই চিন্তিত। সভ্যতার অস্তিত্বই আজ এক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তাই পরিবেশ বিপর্যয় রোধে সামাজিক সচেতনতা অবশ্যই জরুরী ভূমিকা রাখতে হবে।