
নিউজ ডেস্ক: নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে জেনারেলের র্যাং ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাপ্রধানকে এ র্যাং ক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত । পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জেনারেল র্যাং ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত সেনাপ্রধানকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদও এসময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই সশস্ত্রবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সরকার সেনাবাহিনীকে উন্নত ও আধুনিক একটি বাহিনী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সুইপার, ক্লিনার ও বারবার’র মতো নিম্নতম পদগুলো যুগোপযোগী করতে এসব পদের পদবী পরিবর্তন করেছে।’এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মাদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
পরে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য গত ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক গেজেট নোটিফিকেশনে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে সোমবার (২৫ জুন) বিকেল থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গতকাল অপরাণ্হেই তিনি বিদায়ী সেনা প্রধান জেনারেল বেলালের কাছ থেকে এই দায়িত্ব গ্রহন করেন।