
নিউজ ডেস্ক: আসন্ন তিন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ১২ জুলাই আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনে ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তিন সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেখানকার বর্তমান অবস্থার খোঁজ নিতে ও নির্বাচনী পরিবেশ ভালো রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
সভায় উপস্থিত থাকার জন্য আজ বুধবার ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/র্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক/ স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা ও খুলনা বিভাগীয় কমিশনার, রাজশাহী, সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনার, রাজশাহী, সিলেট ও বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, তিন সিটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর আগে ১৩ জুন এ তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই। আর ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই। এ হিসাবে আগামী ৫ অক্টোবর রাজশাহী, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের আগের ছয় মাসের মধ্যে এসব সিটিতে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।