
নিউজ ডেস্কঃ জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) নির্বাচনের পর,নতুন পরিচালনা পরিষদ গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) এর (২০১৮-২০২০) দায়িত্বভার গ্রহন করে। নির্বাচন বোর্ডের উপস্থিতিতে নতুন পরিচালনা পরিষদকে দায়িত্বভার অর্পন করা হয়। জেট্রোর প্রেসিডেন্ট ডাইসুকে আরাই কে জেবিসিসিআই এর নতুন সভাপতি এবং তারেক রাফি ভূইয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২ সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়।
প্যাসিফিক কোয়ালিটি কন্ট্রোল সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান জুলাই ২০১৮-জুন ২০২০ মেয়াদের জন্য জেবিসিসিআই বোর্ডের উপদেষ্টা হিসেবে মনোনীত হন। জাপান বাংলাদেশের উন্নয়ন খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জেবিসিসিআই) আরও বেশি জাপানী বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য বাংলাদেশে ব্যবসার সুযোগ সম্প্রসারণ করছে। নতুন পরিচালনা পরিষদ ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে কার্যক্রম চালিয়ে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী তাকাশী শিমোকিয়োডা উপস্থিত ছিলেন।