News71.com
 Bangladesh
 01 Jul 18, 04:37 AM
 470           
 0
 01 Jul 18, 04:37 AM

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।।পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।।পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্ক: আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদ্যাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে "অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা"। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২১ সালের ১ জুলাই একাডেমিক কার্যক্রম শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিবসটি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানমালায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকেও আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য। উদ্বোধন অনুষ্ঠানের পর শোভাযাত্রাসহ ছাত্র-শিক্ষক কেন্দ্রে যাওয়া হবে। এ উপলক্ষ্যে ১ জুলাই ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে হল, বিভাগ, ইনস্টিটিউট ও অফিস সমূহ যথারীতি খোলা থাকবে। সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ওয়েবসাইট উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং "অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা" শীর্ষক প্রবন্ধ মূল উপস্থাপন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় দিন। ১৯২১ সালের এই দিনে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শুভ সূচনা হয়। শতাব্দী ছুঁই ছুঁই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলে উচ্চ শিক্ষার বিস্তারসহ বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে অসামান্য অবদান রেখে আসছে। বাঙালির জাতিসত্তা বিকাশ, বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা পালন করছে। ঐতিহ্য ও গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই কেবলই উচ্চ শিক্ষার পাদপীঠ নয়, জাতির আশা-আকাঙ্ক্ষার পূরণের কেন্দ্রস্থলও। আগামীতেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-গবেষকগণ তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আরও অবদান রাখতে সমর্থ হবেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ তাঁদের মেধা, মনন, দেশপ্রেম, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করবে, যা জাতিকে বিশ্বের গৌরবময় অবস্থানে নিয়ে যাবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, বাংলাদেশের মুক্তবুদ্ধির চর্চা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও গৌরবদীপ্ত ভূমিকা রয়েছে। উচ্চশিক্ষার বিস্তারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সর্বজনবিদিত। গণতন্ত্র বিনির্মাণ, সাংস্কৃতিক বিকাশ ও দেশের গণমানুষের আশা-আকাক্সক্ষা পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান সহযোগী। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করবে এবং জ্ঞান ও মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সূচিত আমাদের স্বশাসনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছে। মহান মুক্তিযুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেছেন। অনেকে শহিদ হয়েছেন বলেও প্রধানমন্ত্রী বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন