
নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ জুলাই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করবেন প্রধানমন্ত্রী । এই উপলক্ষ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশীদের ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় গণভবনে তিনি পদপ্রত্যাশী সব নেতার সঙ্গে কথা বলবেন। আর এখানে পদপ্রত্যাশীদের সামনেই বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করবেন।
গনভবন ঘনিষ্ঠ একটি সুত্রে জানা গেছে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। কমিটি ঘোষণার পর যেন কেউ বিদ্রোহ না করে সেটি নিশ্চিত করতে, ছাত্রলীগ সব সময় শেখ হাসিনার পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাতে এবং আগামী নির্বাচনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানানোসহ সার্বিক দিক নির্দেশনা দিতেই তাদেরকে গণভবনে ডাকা হয়েছে।
উল্লেখ্য গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ডেকে কথা বলেই ঘোষণা করা হবে ছাত্রলীগের নতুন নেতৃত্ব।
ছাত্রলীগের কমিটি নির্বাচন সম্মেলনে গঠিত প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান লিমন বলেন, আগামী ৪ জুলাই সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওইদিন সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। উল্লেখ্য, এবারের সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করার পর যাচাই বাছাই শেষে এখন পদ প্রত্যাশী আছেন ৩২৩ জন।