News71.com
 Bangladesh
 01 Jul 18, 05:40 PM
 226           
 0
 01 Jul 18, 05:40 PM

বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে।। শিক্ষামন্ত্রী নাহিদ

বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে।। শিক্ষামন্ত্রী নাহিদ

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন,বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং উপবৃত্তি প্রদানের ফলে শিক্ষাক্ষেত্রে সকলের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। শতকরা ৯৯ শতাংশের বেশি শিশু এখন বিদ্যালয়ে নাম নিবন্ধন করছে। আজ রবিবার ঢাকা কলেজে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন ও নবীন বরণ উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ থেকে সারা দেশে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু উপলক্ষে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো.মাহাবুবুর রহমান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শামীমা বেগম।

নুরুল ইসলাম নাহিদ বলেন,দরিদ্র পরিবারের শিশুরাও এখন বিদ্যালয়ে যাচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং উপবৃত্তি প্রদানের ফলে সকল শিশু বিদ্যালয়ে আসছে। ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। শিক্ষামন্ত্রী বলেন,বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালে উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। প্রযুক্তিজ্ঞান ও দক্ষতা অর্জন করে ভাল মানুষ হয়ে গড়ে উঠার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী সব বলেন, পরিপূর্ণ ও উপযুক্ত মানুষ হয়ে উঠতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশুনা মনোযোগী ও সময়কে কাজে লাগানোর আহ্বান জানান। পরে শিক্ষামন্ত্রী রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে একাদশ-দ্বাদশ শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি পাঠ্যপুস্তক–বাংলা সাহিত্যপাঠ,বাংলা সহপাঠ এবং ইংলিশ ফর টুডে বাজারজাতকরণ ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন