News71.com
 Bangladesh
 01 Jul 18, 05:41 PM
 320           
 0
 01 Jul 18, 05:41 PM

রাজাকার-আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে হবে।।নৌমন্ত্রী

রাজাকার-আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে হবে।।নৌমন্ত্রী

নিউজ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,শুধু মুক্তিযোদ্ধাদের তালিকা নয়,রাজাকার-আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়ন করতে হবে। আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরি থেকে বরখাস্ত এবং তাদের সন্তান ও উত্তরসূরিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়াসহ ৬-দফা দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ,আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শাজাহান খান বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার অবৈধভাবে চাকরি দিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অসংখ্য স্বাধীনতা বিরোধী,যুদ্ধাপরাধী, জামায়াত-শিবির ও রাজাকারের সন্তানদের প্রতিষ্ঠিত করেছে। তারা এখন বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের উন্নয়নের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। তাই দেশের অব্যাহত উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থেই এদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম ও মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন