
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদের প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ প্রত্যাশী ৩২৩ জনের পারিবারিক পরিচয়সহ জীবনবৃত্তান্ত এবং সাংগঠনিক ও গোয়েন্দা সংস্থার ৫ স্তরের রিপোর্ট যাচাই বাছাইয়ের পর তিনি এ তালিকা প্রণয়ন করেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের সঙ্গে কথা বলে যাচাইকৃত সংক্ষিপ্ত তালিকা থেকে ছাত্রলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গনভবন সংশ্লিষ্ট সূত্র নিউজ ৭১কে এ তথ্য নিশ্চিত করেছে।
সুত্রে আরও জানা গেছে, শুধুমাত্র কেন্দ্রে নয়, সারাদেশের ছাত্রলীগে নেতৃত্বেও অনেক পরিবর্তন আনবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কেন্দ্রের পাশাপাশি সারাদেশের সকল জেলা কমিটির বিষয়েও খোঁজ নিয়েছেন তিনি। আজ ছাত্রলীগের পদের দাবীদার সকল ছাত্র নেতাদের উপস্থিতিতে কেন্দ্রের পাশাপাশি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের দুই অংশেরও আংশিক কমিটি করে দিতে পারেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ ইউনিটেও যোগ্য ও দক্ষ ছাত্রনেতাদের নাম দিয়ে দিতে পারেন নতুন নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের কাছে। তারা পরবর্তীতে এসব ইউনিটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেয়া নামের তালিকার সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সেক্ষেত্রে মেয়াদপূর্তি না হলেও সাংগঠনিক গুরুত্ব বিবেচনায় অনেক জেলায় আসতে পারে নতুন কমিটি।
জানাগেছে ছাত্রলীগের কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিনে এবার শুধু সভাপতি সাধারন সম্পাদক নয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের নেতৃত্বের নাম ঘোষনা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কারন অতীতে দেখাগেছে নতুন দায়িত্ব পাওয়া নেতারা তাদের একই পদের দাবীদার অপর পদবঞ্চিত নেতাদের কোন গুরুত্বপূর্ণ পদেই রাজনীতি করার সুযোগ দেন না । সংগঠনকে নিজের পকেটস্থ করতে যোগ্য নেতাদের বাদ দিয়ে সকলে ‘মাইম্যান’ বানাতে তৎপর। ফলে ছাত্রলীগের সাংগঠনিক কাজকর্ম অনেকাংশেই ব্যাহত হয় এবং অনেক যোগ্য নেতৃত্ব নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নেন। সেই বিবেচনা থেকেই এবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার করা পাঁচ স্থরে যাচাই বাছাই করা সংক্ষিপ্ত তালিকা থেকে পদের দাবীদার যোগ্য ছাত্রে নেতাদের বিভিন্ন উপযুক্ত পদে দিয়ে কমিটি ঘোষনা করবেন প্রধানমন্ত্রী।যোগ্যদের রাজনীতি করার সুযোগ দেয়ার পাশাপাশি নির্বাচনের বছরে সংগঠনকে গতিশীল করতেই এমন ভাবনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।