News71.com
 Bangladesh
 07 Jul 18, 07:03 AM
 503           
 0
 07 Jul 18, 07:03 AM

রোজা-ঈদের পরও নিত্যপণ্যের বাজার"দর ঊর্ধ্বমুখী।  

রোজা-ঈদের পরও নিত্যপণ্যের বাজার

মিথুন কুমার: নিত্যপণ্যের বাজার"দর আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। প্রতি বছর রোজার সময় চাহিদার উপর নির্ভর করে অনেক জিনিসের দাম বাড়ে। এবং রোজা শেষে দাম কমেও যায়। কিন্তু এবার যেন তার উল্টোটা দেখা যাচ্ছে। রোজার পরও চাল, পেঁয়াজ, সবজি, ঝাল,মাছ, মাংসসহ অনেক পণ্যের দাম বাড়তির দিকে বর্তমান বাজারে। বিভিন্ন বাজার সজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। দেশের সবচেয়ে বড় মৌসুমের ধান ঘরে তুলেছে কৃষকরা। কিন্তু বাজারে চালের দাম কমেনি। এখন সরকার চালের ওপর শুল্ক আরোপ করার পর বাজারে চালের দাম বেড়ে গেছে। এমনকি শুল্ক আরোপের আগেই চালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই দেখা গেছে। পৃথিবীর প্রায় সব দেশেই খুচরা পর্যায়ের বাজারেও কিছু নিয়ম-কানুন থাকে। দুর্ভাগ্য, আমাদের দেশে তা নেই। বাজার যখন চরমভাবে অস্থিতিশীল হয়ে ওঠে, ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন, তখন আমাদের নীতিনির্ধারকদের নানা রকম অন্তঃসারশূন্য ব্যাখ্যা, বিশ্লেষণ ও আশ্বাস দিতে দেখা যায়। তাতে বাজারের কোনো বিশেষ পরিবর্তন হয় না। সাধারণত চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে বাজারে যেকোনো জিনিসের দাম বাড়ে। মুক্তবাজারে যখন যেকোনো পণ্য সহজেই আমদানি করা যায়, তখন দাম বাড়ার কথা নয়। কিন্তু চাহিদা ও সরবরাহের সূত্রে নয়, বাংলাদেশের বাজারে জিনিসপত্রের দাম বাড়ে নানা অজুহাতে তা বার বার দেখা যায়। কখনো অতিবর্ষণ, কখনো পরিবহন ব্যয় বৃদ্ধি, কখনো আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়।

বর্তমানে দেখা যায় বাজারে দ্রব্যমূল্যের ওঠানামা নির্ভর করে ব্যবসায়ীদের মর্জির ওপর। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকলেও এখানে জিনিসপত্রের দাম বাড়ে। আর কোনো উপলক্ষ পেলে নিত্যপণ্যের দাম বাড়বে—এ যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। সরকার একটি বিকল্প বাজারব্যবস্থা গড়ে তুলতে পারে—এমন কথা সব মহল থেকে দীর্ঘদিন বলা হচ্ছে। চালের দাম বাড়ানোর পর আমদানি উন্মুক্ত করে দিয়েই বাজারের লাগাম টেনে ধরা যায়নি। চাল আমদানি হয়েছে ঠিকই, কিন্তু দাম সে অনুপাতে কমেনি। বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাস্বার্থ সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। সেটি কোন পদ্ধতিতে করা হবে, তা রাষ্ট্রকেই নির্ধারণ করতে হবে। আশা করি, পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন