
মিথুন কুমার: পরিবারে একটি শিশু জন্মগ্রহণের পরেই তার প্রতি পরিবারের দায়িত্ব এসে পড়ে। শিশু জন্মের পরপরই তার যত্ন নেওয়া, ভরণপোষণ, খাওয়া–দাওয়া, দেখাশোনা ইত্যাদি পরিবারেরই দায়িত্ব। শিশু যখন ক্রমশ বড় হতে থাকে, পরিবারের দায়িত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এক্ষেত্রে শিশুকে প্রথমত পারিবারিক শিক্ষা দেওয়া প্রয়োজন। যেমন শিশুর আচার–আচরণ, আদবকায়দা, রীতিনীতি, নৈতিক শিক্ষা মূল্যবোধ ধর্ম ন্যায়–অন্যায় বোধ। পরিবার থেকেই একটা শিশু শিখবে কিভাবে নেতৃত্ব দিতে হয়। এককথায় সামাজিকীকরণ পরিবারের ওপরই ন্যস্ত। বিশেষ করে শিশুদের বিকাশের জন্য প্রতিটি পরিবারের মা-বাবার একটা আলাদা আলাদা দ্বায়িক্ত থাকা দরকার।
আমাদের সমাজে দেখা যায় মা চাকরি করার ফলে সন্তানকে বেশি সময় দিতে পারে না, এতে শিশুরা মানসিকভাবে অসহায়ত্ব অনুভব করে। এজন্য বাবা–মায়ের উচিত সন্তানকে সময় দেওয়া এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। এছাড়া তাদেরকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। শিশুর জন্মের পর থেকে বাল্যকাল, কৈশোর, বয়ঃসন্ধিকালে তার পরিবারের আচরণ যেহেতু তার ওপর পড়ে, সুতরাং শিশুর সুকুমার বৃত্তির বিকাশ সাধনের দায়িত্ব তার পরিবারের। এছাড়া শিশুর শারীরিক ও মানসিক দিক সম্পর্কে খেয়াল রাখা। শিশুকে পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়াও পরিবারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিবারের সর্বপ্রধান কর্তব্য হচ্ছে সব সময় শিশুর পাশে থাকা। শিশু ভুল করবেই। এই ভুলকে ভুল না বলে তাকে বোঝাতে হবে, এটা করা উচিত নয়। শিশুকে শেখাতে হবে সত্য বলা। মিথ্যাকে বর্জন করা। একটা শিশুর সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা পরিবারের অন্যতম কর্তব্য। একজন শিশু পরিবার থেকেই জীবনের সবকিছুর পাঠ নেয়। সেখানে পরিবার যদি সহযোগিতা করে তাহলে তার মানসিক ও শারীরিকসহ তার পরিপক্বতা আসবে দ্রুত। তাই পরিবারে শিশু বেড়ে উঠুক সবার সহযোগিতা আর ভালোবাসায়। আর প্রথম পাঠ সুন্দর পাঠ নিক প্রতিটি শিশু তার নিজ নিজ পরিবার থেকেই।