
নিউজ ডেস্কঃ মাদকবিরোধী অভিযানের পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইতিবাচক ভাবমূর্তি গড়ার চেষ্টা করবে সরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতি মানুষের সমর্থন দেখে সরকার উৎসাহবোধ করছে। তাই শিগগির দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট আইন ও বিধি সংস্কারের। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করতে অনুমোদন করা হয়েছে নতুন ১০৬৮টি পদ। অনুসন্ধান ও তদন্ত ছাড়াও ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে ফাঁদ পাতার কার্যক্রম পরিচালনার জন্য দুদকে থাকছে গোয়েন্দা ইউনিট ও রিজার্ভ শাখা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে,প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি গত ৪ জুলাই দুদকের জন্য নতুন পদ অনুমোদন দিয়েছে। এর আগে অনুমোদন দেয় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়। বর্তমানে দুদকের জনবল এক হাজার ২৬৪ জন। সরকার ও ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা যায়,অনেকটা মাদকবিরোধী চলমান অভিযানের আদলেই দুর্নীতির বিরুদ্ধেও অভিযান চলবে। এর মাধ্যমে আর্থিক খাতের পাশাপাশি পুলিশসহ সরকারি প্রশাসনে লাগামহীন দুর্নীতির রশি টেনে ধরার চেষ্টা করবে সরকার। দুর্নীতির বিরুদ্ধে এ অভিযান শিগগির শুরু করা হবে। অভিযান চালাতে প্রয়োজনে সংস্কার করা হবে দুদকের বিদ্যমান আইন ও বিধি। কোন পদ্ধতিতে অভিযান চালানো হবে সে বিষয়টি নিয়ে এখন কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এ বিষয়ে বলেন,আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। এরই মধ্যে অনেক আইন সংস্কার করে যুগোপযোগী করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে অভিযান চলছে। আগামীতে এ অভিযান আরো শক্তিশালী করা হবে। এ জন্য আইন সংস্কার প্রয়োজন হলে তাও করা হবে। দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন,দুর্নীতি দমন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। মাদক ও জঙ্গি দমনে সরকার যতটা কঠোর, দুর্নীতি দমনেও একই রকম কঠোর। এ কারণেই নতুন করে আরো কিছু পদ সৃষ্টি করা হয়েছে।
বিদ্যমান আইনে দুর্নীতি দমন সম্ভব কি না জানতে চাওয়া হলে দুদকের আইন অনুবিভাগের মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে আইন কোনো সমস্যা নয়, সমস্যা প্রয়োগ ও মানুষের। বর্তমানে বিভিন্ন ধরনের দুর্নীতির ক্ষেত্রে সাজার জন্য বিভিন্ন আইন রয়েছে। দুর্নীতি প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রয়েছে। তিনি দাবি করেন, গত বছর পুলিশের চেয়ে বেশি দুদকের মামলায় অপরাধীর সাজা হয়েছে। এ হার ৭০ শতাংশ। জানা গেছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান কঠোর করার লক্ষ্যে দুদকের কয়েকটি বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা দায়ের, জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত করা সংক্রান্ত বিধিগুলো সংশোধনীর জন্য বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। যেকোনো সময় তা মন্ত্রিসভার বৈঠকে উঠবে। এ ছাড়া দুদকের যে কয়েকটি আইন ছড়ানো ছিটানো রয়েছে,সেগুলো একত্র করার উদ্যোগ চলছে। সম্প্রতি ভারতে দুর্নীতি দমনসংক্রান্ত কয়েকটি ছড়ানো ছিটানো আইন একত্র করে একটি আইনে পরিণত করা হয়েছে। সে আলোকেই বাংলাদেশেও তেমনটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।