
নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে কোন সমস্যা নেই বলে মন্তব্য করেছেন সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বৈঠকে সীমান্তসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে।
সচিবালয়ে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয় এবং বৈঠক শেষ হয় বেলা ১২টায়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে দুই দেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এটি নিয়মিত বৈঠক। ২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।