
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন,দুদক কাউকে হয়রানি করার উদ্যেশ্যে কাজ করছে না। দুদক চায় সত্য উদঘাটন হোক। এ কারণে প্যারাডাইস পেপার্স ও পানামা পেপার্সে প্রকাশিত নামের ব্যক্তিদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করা হয়েছে। তাদের অর্জিত সম্পত্তি অবৈধ কিনা তা আমাদের সকালের জানা দরকার। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন,পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সের বিষয়টি পত্রিকার মাধ্যমে আমাদের নজরে এসেছে। মিডিয়াতে এলে সে বিষয়টি উপেক্ষা করা মুশকিল। আমরা বিষয়টি অনুসন্ধান করছি। সত্যটা আমাদের জানতে হবে,আপনাদেরও জানতে হবে। সেকারণে প্যারাডাইস পেপার্স ও পানামা পেপার্সে প্রকাশিত নামের ব্যক্তিরদের অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। আমরা অবৈধ অর্থ পাচার এবং অবৈধ সম্পত্তি অর্জনের বিষয় দেখছি।
পানামা পেপার্সে নাম না থাকা সত্ত্বেও দুদক ডেকে হয়রানি করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এ বিষয়টি আমি বলতে পারবো না। অনুসন্ধানী কর্মকর্তা ভালো বলতে পারবেন। আমার কাছে অনেক বিষয় থাকে,আপনারা অনুসন্ধনী কর্মকর্তার কাছ থেকে জানতে পারবেন। অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন,অনেক চলমান অবৈধ সম্পত্তির মামলায় দুর্ভগ্যক্রমে অভিযুক্ত ব্যক্তি মারা গেছেন। এ কারণে মামলা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ওই সম্পদ ঠিকই রয়ে যায়। এগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছি। এ জন্য দুদক একটি এসেট রিকভারি ইউনিট করেছে। তিনি বলেন,আমাদের সংবিধান বলেছে,আপনি অবৈধ সম্পদ অর্জন কিংবা ভোগ করতে পারবেন না। আর যে কোন অবৈধ সম্পদের বিষয়ে দুদকের কর্তব্য আছে। দুদক সেটা করবে।