
নিউজ ডেস্ক: আগামী শুক্র ও শনিবার (২০ ও ২১ জুলাই) দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব পালন করা হবে। আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও উপস্থিত ছিলেন।সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশের তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মধ্যে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি তথা দেশজ সাংস্কৃতি ধারণ, লালন ও সম্প্রসারণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
সংস্কৃতি মন্ত্রী নূর বলেন, স্থানীয় শিল্পী, কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে এই উৎসব হবে। এছাড়া যে সব জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে প্রশিক্ষণ নেয়া ছাত্র-ছাত্রীদের এ অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে। উৎসবে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক ও দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, জারি, সারি, মুর্শিদী গান ছাড়াও আঞ্চলিক গান পরিবেশন করবেন।এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এবং ফুটিয়ে তোলে, এ ধরনের সাংস্কৃতিক বিষয়কে প্রাধান্য দিয়ে পরিবেশনের চেষ্টা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত বিভিন্ন ভিডিও তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রী।