News71.com
 Bangladesh
 24 Jul 18, 06:21 AM
 222           
 0
 24 Jul 18, 06:21 AM

নিখোঁজ কয়লার পুনঃতদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।।

নিখোঁজ কয়লার পুনঃতদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় সোয়া লাখ টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ‘কয়লা কোথায় গেল’ তার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদকের অনুসন্ধানের ঘোষণা দেওয়ার পর গতকাল বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সাংবাদিকদের জানান। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া এই ঘটনায় ইতিমধ্যে পেট্রোবাংলাকেও মামলা করার নির্দেশ দিয়েছেন বলে জানান নসরুল হামিদ।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকালের বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। কয়লা সংকটের জন্য গত রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ ঘাটতিতে পড়েছে রংপুরের আটটি জেলার বিদ্যুৎ গ্রাহক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী পুনঃতদন্ত করতে বলেছেন। কারণ ঘটনাটা হয়ে আসছে প্রায় ২০০৫ সাল থেকে। প্রধানমন্ত্রী সবাইকে আগ থেকে প্রস্তুতি নেওয়া এবং ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ বলেও সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবশ্য কয়লা খনির কর্মকর্তাতের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, দুমাস আগে থেকেই বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছিল যে, কয়লার সংকট চলছে। কিন্তু ওখানকার যে প্রধান প্রকৌশলী তিনি বলেছিলেন, ‘না, কোনো সংকট নেই। বিদ্যুৎ বিভাগ থেকে তদন্ত দল পাঠানোর পর তথ্যটা উদঘাটন হলো। তিনি আরও জানান,ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তদন্ত চলছে। তারা শাস্তি পাবে। তবে কয়লা সংকট আগামী এক মাসের মধ্যেই সমাধান করা হবে বলে জানান নসরুল হামিদ। এর আগে পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের যেন ভোগান্তি কম হয় সেদিকে নজর রাখতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন