News71.com
 Bangladesh
 26 Jul 18, 06:43 PM
 288           
 0
 26 Jul 18, 06:43 PM

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর ও নাজমুল হুদার সাক্ষাৎ।।

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর ও নাজমুল হুদার সাক্ষাৎ।।


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের অফিসে সাক্ষাৎ করেন তিনি। সূত্র জানায়,বেলা সাড়ে তিনটার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন। এরপর বিকেল চারটার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট—বিএনএর সভাপতি নাজমুল হুদা। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে,আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য বৈঠকের পর ওবায়দুল কাদের,কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা—কেউই গণমাধ্যমকে কিছু জানাননি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন,মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে,সেটি তিনি জানেন না। সম্প্রতি নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। তাঁর বিষয়টি আওয়ামী লীগের বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে কাদের সিদ্দিকী মনে করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন