
নিউজ ডেস্কঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় সিংগাপুরের অর্চিডে অবস্থিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যু হয়। আজ শুক্রবার পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদ্রেহীর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রপতি শোকবার্তায় বলেছেন, খুলনা-৪ আসনের এমপি সুজা এলাকার উন্নয়নসহ গণতন্ত্র বিকাশে অবদান রাখেছেন। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, খুলনা-৪ আসনের এমপি সুজা জনগণের হৃদয়ে চিরদিনবেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি তিনবার খুলনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬-থেকে ২০০১ সাল তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। তিনবার খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাট সদর থানার রাখালগাছি ইউনিয়ন জন্মগ্রহণ করেন তিনি।