News71.com
 Bangladesh
 30 Jul 18, 08:08 AM
 270           
 0
 30 Jul 18, 08:08 AM

জয় নিশ্চিত করতে আওয়ামী লীগের ৮০ ভাগ আসনেই প্রার্থী পরিবর্তন দরকার।।আবদুল গাফ্ফার চৌধুরী  

জয় নিশ্চিত করতে আওয়ামী লীগের ৮০ ভাগ আসনেই প্রার্থী পরিবর্তন দরকার।।আবদুল গাফ্ফার চৌধুরী   

নিউজ ডেস্কঃ প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন,ক্ষমতাসীন আওয়ামী লীগের অধিকাংশ সংসদ সদস্য (এমপি) বিতর্কিত হয়ে পড়েছেন। পরিবারের সদস্যসহ এমপি ও তার অনুসারীরা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় আগামীতে তাদের পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়বে। তাই আগামী সংসদ নির্বাচনে জয় নিশ্চিত করতে আওয়ামী লীগের ৮০ ভাগ এমপির আসনে নতুন প্রার্থী মনোনয়ন দিতে হবে। আওয়ামী লীগকে মনোনয়নের ক্ষেত্রে সৎ,যোগ্য ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গাফ্ফার চৌধুরী আরও বলেন,বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করলেও বেশির ভাগ এমপি এবং উপজেলা চেয়ারম্যান ও তাদের তৈরি সিন্ডিকেটের সদস্যদের দুর্নীতি ও অত্যাচার-নির্যাতনের কারণে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। আমি আমার বাড়ির এলাকায়ও এসব ঘটনা দেখেছি। যে কারণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে পরিবর্তনের পরামর্শ দিয়েছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও জনমতের ভিত্তিতে এই পরিবর্তন আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন,শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র কার্যকর হয় না। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করি। তিনি আরও বলেন, জনসমর্থন ও সাহস থাকলে জেলে বসেও খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতাই জেলে বসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এমনকি আদালতের অনুমতি নিয়ে প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়ার নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের আধিপত্যে উদ্বেগ প্রকাশ করে গাফ্ফার চৌধুরী বলেন,ছাত্রশিবির আওয়ামী লীগে অনুপ্রবেশ করছে। তারা শক্তিশালী হচ্ছে,দলকে বিতর্কিত করছে। তিনি আরও বলেন,যুবলীগ-ছাত্রলীগ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের ওপর থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে। চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন