
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। মো. শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিবাসন ও উন্নয়নবিষয়ক নবম বৈশ্বিক ফোরামের সভাপতি ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৭ সাল মেয়াদে তিনি সব অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটির (সিএমডাব্লিউ) স্বতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আবারও চার বছর মেয়াদে (২০১৮-২১) ওই পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
মো. শহীদুল হক আইওএমের অভিবাসন পরামর্শক পর্ষদেরও সদস্য। তিনি অভিবাসী কর্মীদের মানবাধিকার উত্সাহিতকরণে সক্রিয়ভাবে কাজ করছেন। অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের সঙ্গেও তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত লিয়েনে থাকা অবস্থায় মো. শহীদুল হক জেনেভায় আইওএমের প্রধান কার্যালয়সহ ফিল্ড অফিসগুলোর জ্যেষ্ঠ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দেশে ফেরার আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত আইওএমের পরিচালক হিসেবে সংস্থার বৈদেশিক সম্পর্ক,দাতাদের সঙ্গে লিয়াজোঁ এবং আন্তর্জাতিক অভিবাসননীতি সফলভাবে সামাল দিয়েছেন।
মো. শহীদুল হক ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ায় আইওএমের আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি ২০০৫ সালে আইওএম মহাপরিচালকের অ্যাওয়ার্ড লাভ করেন। লন্ডন, ব্যাংকক ও জেনেভায় বাংলাদেশ মিশনগুলোতে দায়িত্ব পালন করেছেন মো. শহীদুল হক। পররাষ্ট্রসচিবের দপ্তরসহ বিভিন্ন অনুবিভাগে তিনি পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সেলর/মিনিস্টার হিসেবে তিনি ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ওয়াইপো),আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও),আইওএম এবং ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) দেশের স্বার্থ দেখভাল করেছেন।
মো. শহীদুল হক ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্কে এমএ ডিগ্রি লাভ করেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য তিনি ‘অনারেবল মেন্টর ফর রবার্ট বি স্টিওয়ার্ড’ পুরস্কার পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে অনার্স, মাস্টার্স—দুটিতেই প্রথম শ্রেণি ও প্রথম স্থান লাভ করেন মো. শহীদুল হক। শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরস অ্যাওয়ার্ড, গ্র্যান্ট কমিশন অ্যাওয়ার্ড ও চ্যান্সেলরস গোল্ড মেডেল লাভ করেন।
অভিবাসন, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, বাণিজ্য ও মানবাধিকারের মতো বিষয়ে মো. শহীদুল হকের ব্যাপক আগ্রহ রয়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে অভিবাসন ও মানবপাচার বিষয়ে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছে। আইওএমের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদনের সম্পাদনা পর্ষদেও তিনি দায়িত্ব পালন করেছেন। অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ে আইওএমের তিনটি প্রশিক্ষণ গাইড এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ে ‘আইওএম-ওএসসিই ট্রেইনারস ম্যানুয়েল’ প্রণয়নেও তাঁর ভূমিকা ছিল।