
নিউজ ডেস্কঃ ভারতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রিজিয়ন কমান্ডার ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) আইজি পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন। আজ শুক্রবার ভারতের শিলিগুড়িতে বিজিবির যশোর ও রংপুর রিজিয়নের কমান্ডার এবং বিএসএফ'র নর্থ বেঙ্গল, সাউফ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে চার দিনব্যাপী এই সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়।
এর আগে সকালে ভারতের শিলিগুড়িতে সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দিতে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুনসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের প্রতিনিধি দলকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ'র উর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রতিনিধি দল প্রথমে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে যাত্রা বিরতি করেন। সেখানে তাঁরা বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাঁরা সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফুলবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হন।
সম্মেলনে ভারতের পক্ষে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. রাজেশ মিশ্রার নেতৃত্বে বিএসএফ'র ১৭ সদস্য প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সম্মেলন শেষ হবে আগামী ৬ আগস্ট। এতে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করা বা হত্যা,আটক করা, মাদকদ্রব্যের চোরাচালান,অস্ত্র চোরাচালান, কাঁটাতারের বেড়া নির্মাণসহ উভয় বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরির জন্য যৌথ অনুশীলন ও খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।