News71.com
 Bangladesh
 05 Aug 18, 06:48 PM
 529           
 0
 05 Aug 18, 06:48 PM

মন্ত্রিসভার আজকের বৈঠকেই পাস হতে পারে সড়ক পরিবহন আইন

মন্ত্রিসভার আজকের বৈঠকেই পাস হতে পারে সড়ক পরিবহন আইন

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামীকাল ৬ জুলাই মন্ত্রিসভার বৈঠকে উঠছে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’। মন্ত্রিসভার বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে। গত বছর এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপর গত বুধবার (১ জুলাই) ঝুলে থাকার প্রায় এক বছর পর নতুন সড়ক পরিবহন আইনের অনুমোদন দেয় আইন মন্ত্রণালয়। এদিন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের জানান, সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পন্ন করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এ আইন ভেটিং সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন। সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পর্কিত নথিটি বুধবারই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আইনটি পাসের জন্য আগামী ক্যাবিনেটে উঠবে।’

যা থাকছে নতুন আইনে

শিক্ষাগত যোগ্যতা: নতুন আইনের খসড়ায় ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য চালকের কমপক্ষে অষ্টম শ্রেণি পাসের শর্ত রাখা হয়েছে। আগের আইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা ছিল না।

সহকারী হতেও শিক্ষাগত যোগ্যতা: নতুন আইনে চালকের সহকারীকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সহকারী হতে বাধ্যতামূলকভাবে লাইসেন্সের বিধান তো থাকছেই। আগের অধ্যাদেশে সহকারীদের লাইসেন্সের কথা থাকলেও তাদের শিক্ষাগত যোগ্যতার শর্ত ছিল না।

ন্যূনতম বয়স: গাড়ি চালানোর জন্য বয়স অন্তত ১৮ বছর হতে হবে। অবশ্য একই বিধান আগেও ছিল।

বাড়ছে সাজা: নতুন আইনের খসড়ায় চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে অনধিক ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। আগের আইনে এই অপরাধের জন্য তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল।

সাজা হবে সহকারীরও: চালকের সহকারীর লাইসেন্স না থাকলে এক মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান আছে নতুন আইনের খসড়ায়।

নিষিদ্ধ মোবাইল ফোন: গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

বিনা পরোয়ানায় গ্রেফতার: ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে- এমন অপরাধের ক্ষেত্রে চালককে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।

বিধি অমান্যে পয়েন্ট কাটা: চালকদের পয়েন্ট কাটার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। প্রস্তাবিত আইনে লাইসেন্সে থাকবে মোট ১২ পয়েন্ট। একজন চালক প্রতিবার আইন অমান্য করলে তার পয়েন্ট বিয়োগ হবে এবং পয়েন্ট শূন্য হলে বাতিল হবে চালকের লাইসেন্স।

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জেল-জরিমানা: আইনে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার জরিমানা হতে পারে এবং এক্ষেত্রে পরোয়ানা ছাড়াই চালককে গ্রেপ্তারও করা যাবে।

দুর্ঘটনার সাজা দণ্ডবিধিতে: দুর্ঘটনার জন্য শাস্তি দেওয়া হবে দণ্ডবিধি অনুযায়ী। গাড়ি চালিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে হত্যা করলে ৩০২ অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান আছে প্রস্তাবিত আইনে। অর্থাৎ নরহত্যা হলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড। হত্যা না হলে ৩০৪ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কিংবা প্রতিযোগিতা করে গাড়ি চালানোর কারণে মৃত্যু ঘটালে তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইনে সড়কে পাল্লা দিয়ে গাড়ি চালানো বা রেস করার ফলে দুর্ঘটনা ঘটলে তিন বছরের কারাদণ্ড অথবা ২৫ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে। আর দুর্ঘটনার কারণে মৃত্যু বা ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে তার বিচার ফৌজদারি আইনেই হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন