
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন,শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকেরা হচ্ছেন আধুনিক সমাজ ব্যবস্থা তৈরীর পথ নির্দেশক ও আদর্শ মানুষ গড়ার কারিগর। একটি সমৃদ্ধ জাতি গঠনে এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনন্য,অপরিসীম। সমাজের ভাল কাজের পাশাপাশি বিশৃংখল পরিবেশের সৃষ্টি হলে সেটা রোধ করাও শিক্ষকদের দায়িত্ব। কেন না শিক্ষকরাই শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়,সৎ ও সঠিকপথের নির্দেশনা প্রদান করবেন। সত্য-অসত্য,দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নে করণীয় সকল বিষয় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছে দেবেন একজন দায়িত্ববান শিক্ষক। জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গঠনেও শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে।
শিক্ষার আলো জ্বালবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো’ শিরোনামে আজ সোমবার জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্কুল-কলেজ,মাদরাসাসহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,বিশ্বের যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পন্ন। শিক্ষকরাই পারেন একটি সমাজকে সুন্দর ও ছন্দময় করে তুলতে।
তিনি আরো বলেন,বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। শিক্ষকদের দুর্দশা লাঘবের জন্য প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯২টি স্কুলকে জাতীয়করণ করেন। শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক সংস্কারসহ মাঠ পর্যায়ে পদবী, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রণয়ন করে শিক্ষার জগতে এনেছেন এক অভূতপূর্ব পরিবর্তন। তাই শিক্ষাক্ষেত্রের অর্জনগুলো যারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাহত করতে চায় তাদের ব্যাপারে শিক্ষকসহ সকল মহলকে সজাগ থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।