News71.com
 Bangladesh
 07 Aug 18, 05:18 AM
 218           
 0
 07 Aug 18, 05:18 AM

দু’দিনের সফরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকায়

দু’দিনের সফরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকায়

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে দু’দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। এই সফরে রোহিঙ্গা ইস্যু-সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, মিয়ানমার সফর শেষে বাংলাদেশে আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে কথা বলবেন তারা। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গত ১৩ থেকে ১৬ মে টোকিও সফর করেন। সে সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সে অনুযায়ী এ সফর হচ্ছে। এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন। সে সময় জাপানের পক্ষ থেকে জানানো হয়েছিল রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষিতে মানবিক সহায়তা দেবে দেশটি। ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য জাপান রকার মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৩৬ লাখ ডলারও দিয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ফেরাতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছে। তার সফরের আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

কূটনৈতিক সূত্র জানায়, জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। এ কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি। এছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটা নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু জাপান। ঢাকা-টোকিওর মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে উভয়পক্ষ। এদিকে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড দুই দিনের সফরে বুধবার ঢাকা আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কমনওয়েলথভুক্ত তিন দেশ সফরের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা ও ব্রুনাই’তেও যাবেন। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন