
নিউজ ডেস্কঃ দেশের আরো ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি জেলা-উপজেলায় একটি করে স্কুল-কলেজ সরকারিকরণের আওতায় এসব প্রতিষ্ঠান সরকারি করা হয়েছে।আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসিম খনম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।নতুন ২৭১টি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর পর দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠান হলো ৫৯৮টি। এতদিন শিক্ষক প্রশিক্ষণ কলেজ,সরকারি আলিয়া মাদরাসাসহ সরকারি কলেজের সংখ্যা ছিল ৩২৭।এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আজ আদেশ জারি করা হলো।এ ২৭১টি কলেজে রয়েছেন অন্তত ১০ হাজার শিক্ষক-কর্মচারী। আজ থেকেই তারা সরকারি বেতন-ভাতাসহ সব সুবিধা পাবেন।